ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ইয়েমেনের সানার বিমানবন্দরে সৌদি জোটের বিমান হামলা

সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানার একটি বিমানবন্দরে আক্রমণ চালিয়েছে। জোটের পক্ষ থেকে দাবি করা হয়, ইয়েমেনি সৈন্যরা দীর্ঘদিন যাবত আন্তঃ সীমান্ত বিমান হামলা চালানোর কাজে বিমানবন্দরটিকে ব্যবহার করত।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ২০১৪ সাল থেকে ইয়েমেনে ইসলামপন্থি বিদ্রোহীদের সঙ্গে দেশটির সরকারের মধ্যে ভয়ঙ্কর গৃহযুদ্ধ চলছে। বিদ্রোহী বাহিনী গেল কয়েক বছর যাবত বিমানবন্দরটি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। একই সঙ্গে বিমানবন্দরটি জাতিসংঘ নেতৃত্বাধীন মানবিক ত্রাণ সহায়তার প্রধান কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে।


সৌদির রাষ্ট্রীয় মিডিয়ার খবরে জানানো হয়, ইয়েমেনে বিমান হামলার আগে সামরিক জোট জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছিল; যাতে নিজেদের কর্মীদের ওই এলাকা থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। সেখানে আরও বলা ছিল, বিমান হামলার সময় নির্দিষ্ট কয়েকটি সাইট অর্থাৎ কিছু চিহ্নিত সামরিক স্থাপনাকে বেছে নেওয়া হয়েছিল।


সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল টার্কি আল-মালকি মনে করেন, বিমান হামলায় ছয়টি লক্ষবস্তু, বিশেষ করে যেসব স্থান থেকে ড্রোন ব্যবহার করে হামলা চালানো হতো, ড্রোন চালানো প্রশিক্ষণ দেওয়া হয়, এমনকি প্রশিক্ষক ও প্রশিক্ষণ নিচ্ছিলেন এমন মানুষজনের বাড়িঘর এবং যেসব জায়গায় ড্রোন রাখা হয় সেসব স্থান লক্ষ্য করে এই স্ট্রাইক চালানো হয়েছে। যদিও সংশ্লিষ্ট কোনো পক্ষই এখন পর্যন্ত আক্রমণের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।


আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেন ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়েছে। সাম্প্রতিক সময়গুলোতে দেশটিতে গৃহযুদ্ধের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বিদ্রোহী বাহিনী দেশটির কেন্দ্রীয় শহর মারিব এবং উপকূলীয় শহর হোদেইদাকে টার্গেট করেছে।


অপর দিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট রাজধানী সানা এবং অন্যান্য বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিমান থেকে গোলাবর্ষণ বাড়িয়ে দিয়েছে।


চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একবার মারিব দখলে অভিযান চালিয়েছিল হুথি বিদ্রোহীরা, যদিও সেবার বিপুল সংখ্যক যোদ্ধার প্রাণহানি হওয়ায় কয়েক মাস স্থগিত ছিল তাদের সেই দখল অভিযান। গত ২৩ সেপ্টেম্বর ইয়েমেনের পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশ হুথি বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়।


সৌদি জোট বলছে, হুথিদের দখলে যাওয়ার পর থেকে এই প্রদেশে বেসামরিক নাগরিকদের চলাচল এবং মানবিক ত্রাণ সহায়তা বাধাগ্রস্ত হচ্ছে।


বিশেষজ্ঞদের মতে, ২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটির হাজার হাজার লোক নিহত হয়েছেন এবং এ গৃহযুদ্ধ প্রতিযোগী আঞ্চলিক শক্তির মধ্যে একটি ‘প্রক্সি’ যুদ্ধে পরিণত হয়েছে।


বিতর্কিত সেই অভিযানের শুরুর পর ইয়েমেনের রাজনৈতিক সংকটের অবসান হওয়ার পরিবর্তে তা আরও তীব্র হয়ে ওঠে। বর্তমানে ইয়েমেনে কার্যত দুই শাসক গোষ্ঠী সক্রিয় আছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহযোগিতার ওপর ভর করে দেশটির দক্ষিণাঞ্চল এখনো মনসুর হাদির নেতৃত্বাধীন সরকারের নিয়ন্ত্রণে আছে, অপর দিকে উত্তরাঞ্চল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে হুথি বিদ্রোহীরা।


উল্লেখ্য, ইয়েমেনের এই সংঘাতকে মধ্যপ্রাচ্যে আধিপত্যের লড়াইয়ে সৌদি-ইরানের ‘ছায়াযুদ্ধ’ হিসেবে দেখা হয়। টানা গৃহযুদ্ধ ও সংঘাত চলার ফলে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এবং এক সময়ের সচ্ছল এই রাষ্ট্র।


জাতিসংঘ বলছে, ইয়েমেনের অর্ধেকেরও বেশি মানুষ খাদ্য ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের গুরুতর সংকটে ভুগছেন।


সূত্র : এএফপি

ads
ads
ads

Our Facebook Page

↑